কক্সবাজারের সেই ইটভাটা বন্ধ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার বিএসি ইটভাটা থেকে উদ্ধার হওয়া ২৩ শিশুসহ ২৭ জনকে গতকাল শুক্রবার জামালপুরে পাঠানো হয়েছে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ওই ভাটায় অভিযান চালিয়ে প্রায় ৪০ মণ জ্বালানি কাঠ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা ও উৎপাদন বন্ধ করে দিয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল দুপুর ১২টায় ওই ইটভাটায় গিয়ে দেখা যায়, কাঠ পুড়িয়ে ইট তৈরি হচ্ছে। এ সময় ওই কাঠ জব্দ ও অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর হোসেন। এ ছাড়া ইটভাটা সিলগালা করা হয়। ম্যাজিস্ট্রেট মো. নুর হোসেন জানান, কোনো ধরনের অনুমতি ছাড়াই ইটভাটা পরিচালনা ও শিশুশ্রমিক নিয়োগের কারণে ইটভাটা বন্ধের নির্দেশ এবং উৎপাদন বন্ধ রাখতে ভাটাটি সিলগালা করা হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাবাজারের পিএমখালী গ্রামের হাজি আবদুল শুক্কুরের বিএসি ইটভাটায় র‌্যাব অভিযান চালিয়ে ওই শিশুদের উদ্ধার করে। তারা সবাই জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার গাবের গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হাজি আবদুল শুক্কুর, ভাটার ব্যবস্থাপক শামসুল আলম ও শ্রমিকনেতা জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, উদ্ধার হওয়া শিশুদের গতকাল জামালপুরে পাঠানো হয়েছে।