স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পর্যটনের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এগুলো বাস্তবায়িত হলে শিগগিরই কক্সবাজার বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত হবে। তাই এখানকার স্বাস্থ্যসেবাও পর্যটনবান্ধব করে গড়ে তোলা হবে।
গতকাল শনিবার ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কক্সবাজারে সারা বিশ্বের মানুষ বেড়াতে আসে। তাই এখানকার চিকিৎসকদেরও সেভাবে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
হাসপাতালের স্বাস্থ্যসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল ও মেডিকেল কলেজের সব সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি এখানে আরও একটি ৫০০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হবে।
এর আগে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকায় নির্মাণাধীন কক্সবাজার মেডিকেল কলেজ ভবন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে কক্সবাজার সদর হাসপাতালের জন্য নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ও শিশু পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আলী হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সিভিল সার্জন পু চ নু, হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।