কক্সবাজারের হাটবাজারে মিয়ানমারের নিষিদ্ধ বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে চোরাইপথে আসা নিষিদ্ধ বড়ি অবাধেই বিক্রি হচ্ছে কক্সবাজারের হাটবাজারে। কোরবানির পশুকে এসব বড়ি খাইয়ে মোটাতাজা করা হচ্ছে। এতে বাজারে এসব পশুর দামও পাওয়া যাচ্ছে বেশি।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার চক্রবর্তী জানান, এসব বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে পানি জমে যায়। এই পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং পশুর শরীর দ্রুত ফুলে যায়। এতে পশুটিকেও মোটাতাজা দেখায়। বড়ির পার্শ্বপ্রতিক্রিয়ায় পশুগুলো রোগ প্রতিরোধক্ষমতা হারিয়ে ফেলে। মোটাতাজা হওয়া পশুকে হঠাৎ করে বড়ি খাওয়ানো বন্ধ করা হলে তার মৃত্যু হতে পারে।গত বুধবার বেলা ১১টায় টেকনাফ পৌরসভার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রকাশ্যে পশু মোটাতাজাকরণের বড়ি বেচাবিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বাজার থেকে এসব বড়ি কিনে নিয়ে যাচ্ছেন। বড়ি কিনতে আসা টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের পশু ব্যবসায়ী রশিদ আহমদ, সুলতান আহমদ ও শাহপরীর দ্বীপের গুরা মিয়া জানান, মিয়ানমার থেকে আসা ডেক্সামেথাসোন ও ডেক্সাভেট নামের বড়ি খাওয়ালে গরু-মহিষ দ্রুত মোটা হয়। মোটা গরু ও মহিষ কোরবানির হাটে তুললে চড়া দামে বিক্রি হয়। এই বড়ি খাইয়ে কোনো পশুর মৃত্যুর খবর তাঁদের জানা নেই। লাভের জন্য তাঁরা পশুকে এই বড়ি খাওয়ান।টেকনাফের বার্মিজ বাজারের ব্যবসায়ী রহিম উল্লাহ জানান, এই বড়ি নিষিদ্ধ কি না, তা তাঁদের জানা নেই। টেকনাফ ট্রানজিট নিয়ে আসা মিয়ানমারের নাগরিকেরা দোকানে এসে এই বড়ি বিক্রি করে। কোরবানি উপলক্ষে এই বড়ি বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার পশু আসছে। সীমান্তের আরও অন্তত ১০টি পয়েন্ট দিয়ে চোরাইপথে টেকনাফ, উখিয়া, রামু ও নাইক্ষ্যংছড়িতে প্রতিদিন আসছে অন্তত আরও দুই হাজার গরু-মহিষ ও ছাগল। স্থানীয় ব্যবসায়ীরা এসব পশু কিনে মোটাতাজা করার জন্য নিষিদ্ধ বড়ি খাওয়াচ্ছেন। এমনকি স্থানীয় লোকজনও গৃহপালিত গরু-মহিষকে এ বড়ি খাওয়ায়। উখিয়ার কোর্টবাজারের চাষি আবদুল মান্নান জানান, কোরবানির বাজারে বিক্রির জন্য তিনি ছয় মাস ধরে তিনটি গরু পালন করছেন। কিন্তু বাজারদর না পাওয়ায় তিনিও ১৫ দিন ধরে ওই তিনটি গরুকে বড়ি খাওয়াচ্ছেন। এতে গরু তিনটি দ্রুত মোটা হচ্ছে। দু-তিন দিন পর এই গরু বাজারে তুললে ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পশু ব্যবসায়ী জানান, গত এক মাসে টেকনাফ ও উখিয়া উপজেলায় অন্তত ১২ হাজার কোরবানির পশুকে এই বড়ি খাওয়ানো হয়েছে। বেশির ভাগ গরু-মহিষ কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে। মিয়ানমারের পশু দেখতে মোটাতাজা বলে এর চাহিদাও বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণিসম্পদ বিভাগের একজন কর্মকর্তা জানান, কোরবানি সামনে রেখে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বড়ি আসছে। টেকনাফের হাটবাজারে প্রকাশ্যে এসব বড়ি বেচাকেনা হলেও ধরার কেউ নেই। টেকনাফ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে যাচ্ছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, পশু মোটাতাজাকরণের নিষিদ্ধ বড়ি সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। চিকিৎসকেরা এ ব্যাপারে পুলিশের সহযোগিতা চাইলে তাঁরা দিতে প্রস্তুত।