কক্সবাজারের হাটে মিয়ানমারের পশু
কক্সবাজারের অন্তত ৩০টি কোরবানির পশুর হাট মিয়ানমারের (গরু, মহিষ, ছাগল) দখলে। টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর ছাড়াও নাফ নদী অতিক্রম করে প্রতিদিন মিয়ানমারের বিপুল পরিমাণ পশু বাংলাদেশ আসছে।
মিয়ানমারের পশু মোটাতাজা এবং দামে সস্তা হওয়ায় লোকজন কোরবানির জন্য তা কিনে নিচ্ছেন। কক্সবাজার শহরের রুমালিরছড়ায় গতকাল শুক্রবার পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে নতুন একটি কোরবানির পশু বিক্রির হাট চালু করা হয়। এই হাটে ৪০ শতাংশই মিয়ানমারের গরু।
কাউন্সিলর ছালামত উল্লাহ বলেন, মিয়ানমারের গরু মোটাতাজা এবং দামেও সস্তা, তাই এই অবস্থা। এ ছাড়া টেকনাফ হাইস্কুল মাঠ, শাহপরীর দ্বীপ, সাবরাং, নয়াপাড়া, খরুলিয়াবাজার, বাংলাবাজার, ঈদগাহ, উখিয়া, বালুখালী, কোটবাজার, মরিচ্যা, রামুর রাজারকুল, চৌমুহনী, লিংক রোডসহ অন্তত ৩০টি হাটবাজারে মিয়ানমারের পশুর দখল লক্ষ্য করা গেছে। এসব বাজারে এক থেকে দুই মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩৫ হাজার টাকায়। দুই থেকে তিন মণ ওজনের গরু ৪০ থেকে ৫০ হাজার টাকা, তিন থেকে পাঁচ মণ ওজনের গরু ৭০ থেকে দুই লাখ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় পশুর তুলনায় মিয়ানমারের গরু ও মহিষ পাঁচ থেকে ১৫ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে।
গত বৃহস্পতিবার টেকনাফ হাইস্কুল মাঠে বিক্রির জন্য আনা হয় কয়েক হাজার গরু ও মহিষ। এর ৭০ শতাংশই মিয়ানমার থেকে আনা। ব্যবসায়ীরা এখান থেকে পশু কিনে ট্রাক বোঝাই করে কক্সবাজার, আমিরাবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম নিয়ে যাচ্ছেন। এই হাটে বিক্রির জন্য তিনটি গরু নিয়ে আসেন টেকনাফের মহেশখালিয়াপাড়ার কৃষক গোলাম হোসেন। তিনি বলেন, ‘সকালে ৯০ হাজার টাকা দিয়ে পাঁচ মণ ওজনের একটি গরু বিক্রি করেছি।
গত বুধবার টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা গরু বাজারে গিয়ে দেখা গেছে, বিক্রির জন্য আনা কয়েক হাজার পশুর মধ্যে অধিকাংশই মিয়ানমারের।
পশু ব্যবসায়ী জিয়াউল করিম ও মো. শহীদ বলেন, শাহপরীর দ্বীপ করিডর দিয়ে পশু আমদানি হলে শুল্ক বিভাগকে প্রতি গরু ও মহিষের বিপরীতে ৫০০ এবং ছাগলে ৩০০ টাকা সরকারি রাজস্ব পরিশোধ করতে হয়।
টেকনাফ স্টেশনের কাস্টমস সুপার হুমায়ুন কবির বলেন, ‘শাহপরীর দ্বীপ করিডর দিয়ে গত ১১ দিনে চার হাজার ৮৪৪টি কোরবানির পশু এসেছে। এর মধ্যে গরু চার হাজার ৪৩টি। কোরবানির চাহিদা পূরণে আরও পশু আনতে আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি। ২০০৩ সালে ২৫ মে এই করিডর চালু করা হয়।’