কক্সবাজারের ১০ মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ১০টি মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সম্পাদকের কাছে পাঠানো উড়োচিঠিতে মন্দিরে হামলা ও পূজা উদ্যাপন পরিষদের নেতাদের হত্যার হুমকি দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে হামলার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয় বলে পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানান।
কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, গত ১৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার অনুষ্ঠান ছিল। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শেষে তাঁরা শহরের লালদীঘির পাড়ে পূজা উদ্যাপন পরিষদের কার্যালয়ে যান। এ সময় কার্যালয়ের দরজার নিচে দুটি খাম পড়ে থাকতে দেখেন। খামের ওপর প্রেরকের জায়গায় দুজন আইনজীবীর নাম লেখা ছিল। খাম দুটি খুলে দেখা যায়, ৩০ জুলাইয়ের মধ্যে ১০টি মন্দির ও আশ্রমে হামলা চালানোর হুমকির কথা উল্লেখ করা হয়েছে।
রণজিৎ দাশ বলেন, হাতে লেখা ওই দুটি চিঠিতে মন্দিরের পুরোহিত, বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, হুমকির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পূজা উদ্যাপন পরিষদের নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি পুলিশ কর্মকর্তাদের তাঁরা জানিয়েছেন। তাঁরা মন্দিরসহ হিন্দুপাড়ায় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আইএসের নামে পাঠানো চিঠি দুটির ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে। যাঁদের নামে (আইনজীবী) চিঠি পাঠানো হয়েছে তাঁরা ওই চিঠি পাঠাননি বলে পুলিশকে বলেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের সব কটি মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাদাপোশাকেও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।