নিরাপত্তার কারণে ট্রলার নিয়ে জেলেরা সাগরে যেতে রাজি হচ্ছেন না
কক্সবাজারের ১২ জলদস্যু বাহিনীর লুটপাট
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূলে মাছ ধরার নিরাপত্তা চান জেলেরা। কারণ, ১২ থেকে ১৪টি জলদস্যু বাহিনীর হামলা ও লুটপাটে তাঁরা মাছ ধরতে পারছেন না। দস্যুরা আহরিত মাছ, জাল ও ইঞ্জিন লুটের পাশাপাশি জেলেদের হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করছে।কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার ছোট-বড় প্রায় সাত হাজার ট্রলার রয়েছে। কিন্তু জলদস্যুদের হামলা এবং লুটপাটের কারণে এসব ট্রলারের প্রায় এক লাখ ২০ হাজার জেলেশ্রমিক নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। অনেকে হতাহতের আশঙ্কায় সাগরে নামতে সাহস পাচ্ছেন না। গত আগস্ট মাসে দস্যুদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে ৫০টির বেশি ট্রলার। এ সময় দস্যুদের প্রহারে আহত হয়েছেন শতাধিক জেলে। গত এক বছরে শতাধিক জেলেকে সুন্দরবনে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে।বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন ও ট্রলারের জেলে আবদুল শুক্কুর বলেন, মহেশখালীর সোনাদিয়ার ফরিদ, জাম্বু, কালারমারছড়ার খলিল, ধলঘাটার জসু, কালাবাশি বাহিনীর অর্ধশতাধিক জলদস্যু বর্তমানে স্পিডবোট ব্যবহার করে সাগরে মাছ ধরার ট্রলারে লুটপাট চালাচ্ছে।জেলেরা জানান, সম্প্রতি সাগর উপকূলে দস্যুদের অপতৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিদিন কোনো না কোনো স্থানে একাধিক মাছ ধরার ট্রলার দস্যুদের কবলে পড়ছে। গত সাত দিনে কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, ধলঘাটা, মনখালী, শাপলাপুর, টেকনাফ, সেন্ট মার্টিন সাগরে ২৫টি মাছ ধরার ট্রলারে লুটপাট চালানো হয়েছে।কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী গ্রামের ট্রলার মালিক আহমদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরে ফিরে আসার সময় দস্যুরা সোনাদিয়া চ্যানেলে তাঁর একটি ট্রলারে লুটপাট চালায়। এ সময় দস্যুরা পিঠিয়ে ছয় জেলেকে আহত করে।শহরের নুনিয়াছটার ট্রলার মালিক সালামত খান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে দস্যুরা তাঁর একটি ট্রলারের ১২ জেলেকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে এবং কয়েক লাখ টাকার মাছ লুট করে। পরে আরেকটি ট্রলার ভাসমান অবস্থায় জেলেদের কূলে নিয়ে আসে। এখন নিরাপত্তার কারণে ট্রলার নিয়ে জেলেরা সাগরে যেতে রাজি হচ্ছেন না। মহেশখালী থানার পরিদর্শক (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, গভীর সাগরে নেমে দস্যুদের আটক অথবা মামলার ঘটনাস্থল অনুসন্ধানে যাওয়ার মতো জলযান পুলিশের নেই। তবে উপকূলে অভিযান চালিয়ে পুলিশ দস্যুদের আটক করে।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, চৌফলদণ্ডী ও কুতুবদিয়া চ্যানেলে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে। নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে উপকূলে নিয়মিত পুলিশি টহল দিয়ে দস্যুদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।নৌবাহিনী সূত্র জানায়, গত ২৫ আগস্ট নৌসেনারা কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক করেন।