কক্সবাজার শহরের ছোটবড় ১২টি সরকারি পাহাড়ে অবৈধভাবে তৈরি হয়েছে ১২ হাজার বসতবাড়ি। এসব ঘরে থাকছে অন্তত দেড় লাখ মানুষ। প্রভাবশালীরা সরকারি জমির দখলস্বত্ব ঠিক রাখতে ভাসমান লোকজনকে ওই সমস্ত ঘরবাড়িতে রাখছে। প্রবল বর্ষণে পাহাড়ধস ও প্রাণহানি রোধে এসব ঘরবাড়ি দ্রুত উচ্ছেদ প্রয়োজন।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাহাড় নিধন ও ঝুঁকিপূর্ণ বসতবাড়ি-সংক্রান্ত এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
জেলা প্রশাসক বলেন, পাহাড় নিধন ও অসংখ্য বসতবাড়ি তৈরির ফলে শহরের লাইট হাউস, সার্কিট হাউস পাহাড়, বাদশাঘোনা, দক্ষিণ ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, সাহিত্যিকা পল্লীসহ বেশ কয়েকটি পাহাড়ি এলাকা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উচ্ছেদের মাধ্যমে পাহাড়গুলো ঝুঁকিমুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি ঝুঁকিতে লোকজনকে দ্রুত সরিয়ে আনা দরকার উল্লেখ করে বলেন, তিন দিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের পাহাড়ধস হতে পারে। কিন্তু কোনো লোক পাহাড় ছাড়তে রাজি হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামও ঝুঁকিতে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়ার তাগিদ দেন।