কক্সবাজারের ৬ ট্রলারসহ ৩০ জেলের খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে জলদস্যু কর্তৃক অপহৃত ছয় ট্রলারের ৩০ জেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কক্সবাজার উপকূলে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়ে জেলা ফিশিং বোট মালিক সমিতির নেতারা দ্রুত অপহৃত ৩০ জেলেকে উদ্ধার এবং জলদস্যুদের দমন করে সাগরে জেলেদের মাছ ধরার নিরাপত্তা দাবি করেন। অন্যথায় মাছ ধরা বন্ধ রেখে কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল খালেকের নেতৃত্বে জেলা প্রশাসক মো. রুহুল আমিনের কাছে স্মারকলিপি দেওয়ার সময় পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে একাধিক জলদস্যু বাহিনীর দস্যুরা অস্ত্রের মুখে কক্সবাজারের ১০টি মাছ ধরার ট্রলারসহ শতাধিক জেলেকে অপহরণ করে। এর মধ্যে মুক্তিপণ নিয়ে কিছু জেলেকে ছেড়ে দিলেও গতকাল সোমবার পর্যন্ত ছয়টি ট্রলারসহ ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা জেলার মহেশখালী, সদর ও টেকনাফের বাসিন্দা।
এ বিষয়ে গতকাল প্রথম আলোর বিশাল বাংলায় ‘কক্সবাজারের পাঁচ ট্রলারসহ ৫০ জেলে অপহরণ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ফিশিং বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ১২টির বেশি জলদস্যু বাহিনীর চার শতাধিক সদস্য কক্সবাজার উপকূলের ১০০ কিলোমিটারে রামরাজত্ব কায়েম করেছে। মাছ ধরে উপকূলে ফেরার সময় দস্যুরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মাছ, জালসহ মূল্যবান মালামাল লুট করছে। আবার মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের জন্য ট্রলারসহ জেলেদের অপহরণ করছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, অপহৃত ৩০ জেলেসহ ট্রলার উদ্ধার এবং জলদস্যুদের দমন করে জেলেদের সাগরে নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করা না হলে ফিশিং বোট মালিক সমিতি কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তখন জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাছের সংকট দেখা দিতে পারে। অন্যদিকে বেকার হয়ে পড়বেন জেলার সাত হাজার ট্রলারের অন্তত এক লাখ জেলে শ্রমিক।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সাগরে জলদস্যু দমনে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।