গত তিন দিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি এবং পাহাড়ি ঢলে কক্সবাজারের পাঁচটি উপজেলার অন্তত ৭৬টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজারো বসতবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিবন্দী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ ছাড়া পাহাড়ি ঢলের প্রবল স্রোতে একটি কালভার্ট ধসে পড়ায় গতকাল সকাল থেকে ‘কক্সবাজার-টেকনাফ’ সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চকরিয়ার মাতামুহুরী নদীর একটি নির্মাণাধীন রাবার ড্যামের দুটি ক্রস বাঁধ হুমকিতে পড়েছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা আকতার জানান, ৩ নম্বর সতর্কসংকেত থাকায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় উপকূল প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার আলী আকবর ডেইল, উত্তর ধুরুং, লেমশিখালী ইউনিয়নের ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। পুরো উপজেলার প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৫ কিলোমিটার বাঁধ বিলীন হয়েছে। উপজেলার দেড় লাখ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মাতামুহুরী নদীতে পানি অস্বাভাবিক হারে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের স্রোতে চকরিয়ার মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে নির্মাণাধীন পাউবোর রাবার ড্যামের দুটি ক্রস বাঁধ হুমকির মুখে পড়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে যেকোনো সময় বাঁধ দুটি ভেঙে যেতে পারে। এতে উপজেলার শত শত চিংড়ি প্রকল্প বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল চৌধুরী জানান, ভারী বর্ষণের কারণে উপজেলার রাজাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পালংখালীর চিংড়িঘের বিলীন হয়ে এরই মধ্যে কোটি টাকার ক্ষতি হয়েছে। রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান জানান, বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ফতেখাঁরকুল, গর্জনিয়া, চাকমারকুলসহ কয়েকটি ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ জানান, উপকূলীয় ফদনারডেইল, সমিতিপাড়া, নাজিরারটেকসহ আটটি গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বর্ষণের কারণে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কক্সবাজার আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং এলাকায় গত শুক্রবার একটি কালভার্ট ধসে পড়ে। এতে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এখন শত শত যাত্রীবাহী বাস-ট্রাককে ৩৬ কিলোমিটার পথ ঘুরে কক্সবাজার শহরের কলাতলী মেরিন ড্রাইভ সড়ক ধরে উখিয়ার কোর্টবাজার হয়ে টেকনাফ যেতে বাধ্য হচ্ছে। এতে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি মানুষের দুর্ভোগ হচ্ছে।