কখন উদ্ধার হবে হাত!

রেশমা বেগমের স্বজনসহ শত শত মানুষ অপেক্ষা করছে। কখন সরানো হবে বাসটি। বাসটি সরালেই চাকার নিচ থেকে উদ্ধার করা যাবে রেশমা বেগমের বাঁ হাতটি। কেননা হাত ছাড়া যে দাফন করা যাচ্ছে না রেশমার লাশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় রেশমা বেগম ও তাঁর স্বামী বশির আহাম্মেদ মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের উদ্ধার করা গেলেও বাসের চাকার নিচ থেকে টেনেহিঁচড়ে লাশ বের করার সময় রেশমার হাতটি ভেতরেই থেকে গেছে। রাজশাহী নগরের বহরমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ বেলা আড়াইটার দিকেও রাজশাহী নগরের বহরমপুর সিটি বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ এক পাশের রাস্তা বন্ধ করে দিয়ে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে। রাস্তার ওপরে একটি চেইন পুলি বসানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চলছে। রেশমার বড় বোনের ভাশুরের ছেলে ফরহাদ আহাম্মেদ জানান, তাঁরা অপেক্ষায় রয়েছেন কখন এই উদ্ধারকাজ শেষ হবে। উদ্ধারকাজ শেষ হলে তাঁরা লাশের দাফনের প্রস্তুতি নেবেন।

রেশমার বোনের মেয়ে সালমা খাতুন জানান, তাঁর খালার বাঁ হাতের পুরোটাই বাসের নিচে রয়েছে। তাঁরা সবাই হাতের জন্য অপেক্ষা করছেন। রেশমার বড় ছেলে রাশিদুল ইসলাম আগের দিন রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। মাঝরাতে দুর্ঘটনার খবর পেয়ে ফিরে এসেছেন। তিনি ছোট দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। মায়ের হাত গাড়ির নিচে রয়েছে—এ ব্যাপারে তাঁদের কিছু বলা হয়নি। তাঁর অবুঝ দুই ভাই আবদুল আলিম ও রাহাদ হোসেন শুধু জানে মা-বাবা মারা গেছেন। তারা জানে না মায়ের মাথা থেঁতলে গেছে। আর হাত রয়ে গেছে গাড়ি নিচেই।
চেইন পুলি বসানোর কাজ তদারকি করছেন নগরের রাজপাড়া থানার পুলিশ সদস্য মিজানুর রহমান। তিনি বলেন, উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। দেখা যাক কতটুকু সময় লাগে। তিনি বলেন, বাসের নিচেই রেশমা বেগমের হাত রয়েছে। এটা শুনেছেন। এখন গাড়িটা সরানোর পরে বোঝা যাবে।