কখন কোথায় ঈদ জামাত
খুলনা, বরিশাল, যশোর ও ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান প্রধান জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে, এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
খুলনা: প্রথম ও প্রধান জামাত খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল আটটায় এবং খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল আটটা, নয়টা ও সকাল দশটায় টাউন জামে মসজিদে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে আটটা ও সকাল সাড়ে নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল: সকাল আটটায় নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল আটটা ও সাড়ে নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ ও জামে বায়তুল মোকাররম মসজিদে। পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে আটটা ও সকাল সাড়ে নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল সাড়ে সাতটায় কালিজিরা বড় জামে মসজিদ ময়দান, সকাল আটটায় নগরের নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান, ল কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, জেলগেট জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ ও মেডিকেল কলেজ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় চরমোনাই দরবার শরিফের মাদ্রাসা মাঠে এবং বাবুগঞ্জ উপজেলার গুঠিয়া বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে।
এর বাইরে সকাল সাড়ে আটটায় পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ছারছিনা মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
যশোর: কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে। কারবালা কবরস্থান মসজিদে সকাল সোয়া আটটা ও সকাল নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। যশোর রেলওয়ে জংশন চত্বর ও পুলিশ লাইনস মসজিদে সকাল সাড়ে সাতটা এবং উপশহর এলাকার মারকাজ মসজিদে সকাল আটটায় জামাত হবে। ইসলামী ফাউন্ডেশন যশোরের উপপরিচালক নাসির উদ্দীন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর:সকাল আটটায় কমলাপুর ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে ইয়াছিন কলেজ মাঠ, শামসুল আলম মাদ্রাসা মাঠ, চুনাঘাটা মসজিদ মাদ্রাসা মাঠ, আলীপুর গোরস্থান মসজিদ ও ভাঙ্গার ঈদগাহ মাঠ। জেলখানা মসজিদে সকাল আটটা ও সকাল নয়টায় দুটি জামাত, সোয়া আটটায় শাহ ফরিদ মসজিদ এবং সাড়ে আটটায় বায়তুল মোকাদ্দেম মসজিদ, পানি উন্নয়ন বোর্ড মসজিদ, বোয়ালমারী ছোলনা সালামিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান ও আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল সাতটায় মারকাজ মসজিদে এবং দশটায় মধুখালী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।