কখন কোথায় ঈদুল ফিতরের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও শেরপুরে ঈদুল ফিতরের প্রধান প্রধান জামাত কখন, কোথায় অনুষ্ঠিত হবে, সে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সিলেটের প্রধান জামাত সকাল নয়টায় নগরের শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার শরিফে জামাত অনুষ্ঠিত হবে। নগরের বন্দরবাজার এলাকার সিলেট কুদরত উল্লাহ্ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত, সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাত ও সাড়ে নয়টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। এ ছাড়া সকাল সাড়ে আটটায় শেখঘাট সরকারি কলোনি মাঠ, সিলেট রেজিস্টারি মাঠ, কুয়ারপাড় মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, কুশিঘাট বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহ, রিকাবীবাজারে পুলিশ লাইনস মাঠ, কালীঘাট নবাবী জামে মসজিদে, পশ্চিম পীরমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদ্রাসা, লালা বাজার বাঘের খলা পীরের বাড়ি ঈদগাহ ময়দান, পাঠানটুলা নবাবী ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় ময়মনসিংহ শহরের আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ভেতর জামাত অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সময়ের হেরফের হতে পারে। শহরের বড় বাজার এলাকায় অবস্থিত বড় মসজিদের ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। সকাল সাড়ে ৮টা ও ৯টায় চরপাড়া এলাকায় জামিয়াতুল ইসলামিয়া মোহেনশাহি মাদ্রাসার ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে সাতটায় বাইপাস এলাকায় অবস্থিত মার্কেজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

সকাল ৯টায় শেরপুরের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট মসজিদে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া নয়টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায়। এ ছাড়া সকাল সাড়ে আটটায় পুলিশ লাইনস মাঠে এবং সকাল সাড়ে নয়টায় মাইসাহেবা জামে মসজিদ, ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কাজীবাড়ী, চাপাতলী ও ভাটারা ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক কুমিল্লা, ময়মনসিংহ অফিস এবং সিলেট ও শেরপুর প্রতিনিধি)