কখন নামবে স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখে বয়ে চলা দাবদাহে দুবির্ষহ জনজীবন। কখন স্বস্তির বৃষ্টি নামবে, সে প্রতীক্ষায় কাটছে সময়। এ ব্যাপারে আবহাওয়াবিদেরা এখনো কোনো আশার বাণী শোনাতে পারেননি। তবে তাঁরা বলছেন, গতকাল সোমবারের চেয়ে আজ রাজধানীতে তাপমাত্রা খানিকটা কমেছে।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে তা কমে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে এসব তথ্য জানান।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত কয়েক দিনের চেয়ে এখন কিছুটা বাতাস বইছে। দক্ষিণ দিকে বাতাস হলে গরম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকত। এখন তা বন্ধ হয়েছে। এখন উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস বইছে। তাই সামান্য আর্দ্রতা কমেছে। এ জন্য খানিকটা তাপও কমেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, গরম যা আছে তা আর বাড়বে না। তবে সীতাকুণ্ড, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়ার ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যান্য এলাকায় মাঝারি থেকে মৃদু ধরনের তাপপ্রবাহ বইছে, তা অব্যাহত থাকতে পারে। বিভাগীয় শহরগুলোর মধ্যে গতকাল রংপুরে তাপমাত্রা সবচেয়ে কম ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গরম দাপট দেখাচ্ছে রাজশাহী ও খুলনায়। দুটি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রাম ৩৯, সিলেটে ৩৮ দশমিক ৮ এবং বরিশালে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে রাঙামাটির গরম ছিল গতকাল সবচেয়ে বেশি, ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম বিদায় নেবে না। স্বস্তির সেই বৃষ্টি যে কবে ঝরবে, সেই ধারণা আবহাওয়াবিদেরাও দিতে পারছেন না।
গরমের তীব্রতায় দেশজুড়ে ডায়রিয়ার প্রকোপও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৩২৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্রে আজ বেলা ১১টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৬০ জন রোগী। গতকাল ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৭৪২ জন।