কখন পৌঁছাব পরীক্ষার কেন্দ্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেতরে পরীক্ষা দিচ্ছে সন্তান। তার মঙ্গল কামনায় বাইরে কোরআন পাঠ করছেন মা। ছবিটি সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
ভেতরে পরীক্ষা দিচ্ছে সন্তান। তার মঙ্গল কামনায় বাইরে কোরআন পাঠ করছেন মা। ছবিটি সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

উর্মিলা খালেদের মেয়ে সাজিদা সাজ্জাদ এসএসসি পরীক্ষার্থী। হরতালে দুই বার পেছানোর পর আজ শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে তার পরীক্ষা। মেয়েকে নিয়ে উর্মিলা পরীক্ষা কেন্দ্রে হাজির সকাল সাড়ে সাতটায়। তাঁর তথ্যমতে, পরীক্ষার চেয়ে আজ সকালে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানোটাই তাঁদের মা-মেয়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। ভালোয় ভালোয় পৌঁছাতে পেরে এখন হাঁফ ছেড়েছেন।
শুধু উর্মিলাই নন, অনেক পরীক্ষার্থী ও অভিভাবক পরীক্ষা শুরু হওয়ার বেশ আগেই কেন্দ্রে পৌঁছান। লক্ষ্য একটাই—নিরাপদে ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছানো।
উর্মিলা জানান, তাঁর মেয়ে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী। মতিঝিলের টিঅ্যান্ডটি স্কুলে তার সিট পড়েছে। বাসা গ্রিন রোডে। এর পরও হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরিয়েছেন।
অবরোধের মধ্যে কেন্দ্রে আসতে সমস্যা হয়েছে কি না—জানতে চাইলে উর্মিলা বলেন, হরতাল না থাকায় কিছুটা স্বস্তি ছিল। এর পরও অবরোধে আতঙ্ক নিয়ে এসেছেন, আবার আতঙ্ক নিয়েই ফিরতে হবে। এ আতঙ্ক থেকে মুক্তি চান।
মিরপুরের ১৩ নম্বর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। ছেলে রুম্মান মিরপুর শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মিরপুর ১০ নম্বরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার সিট পড়েছে।

ছেলেকে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। কিন্তু নিরাপদে আবার ফিরতে পারবেন কি না, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। আনোয়ার বলেন, ‘মিরপুর ১৩ নম্বরে এমন কোনো দিন নেই যেদিন গাড়ি পোড়ানো বা ককটেল ফাটানো হয় না। পরীক্ষা শেষে ককটেল ফাটবে না, তার কী নিশ্চয়তা আছে?’

এসএসসি পরীক্ষার নিরাপত্তা নিয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র নিয়ে আসা, কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষা শেষে উত্তরপত্র নিয়ে যেতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ১০০ গজ এলাকা ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন..