কখন ফিরবে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল ঈদের পর দেশে ফিরে আসবেন রনি। এসেই স্ত্রীকে ঘরে তুলবেন। জীবনের বাকি দিনগুলো এক ছাদের নিচে কাটিয়ে দেওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে রনিই চলে গেছেন না-ফেরার দেশে। মিলিয়ে গেছে দুই পরিবারের ঈদ আনন্দ। লাশের অপেক্ষায় তাঁরা।

গত বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের রিয়াদের ৭০ কিলোমিটার দূরে দুরমা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে তিন বাংলাদেশি নিহত হন, রনি (২৭) তাঁদেরই একজন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ায়। ২০০৪ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। ২০১০ সালে নোয়াখালী জেলার শ্যামনগরের ফরিদা বেগমের (২১) সঙ্গে টেলিফোনে বিয়ে হয় তাঁর। বিয়ের প্রায় চার বছরে তাঁদের একবারও দেখা হয়নি। এবার ঈদের পর দেশে ফিরে স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল তাঁর।

রনির বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে আচ্ছন্ন পুরো পরিবার। বাবা হক মিয়া জানান, সাত সদস্যের সংসার তাঁর। রনির পাঠানো টাকা দিয়েই সংসার চলত। কয়েক দিন আগে ঈদের টাকা পাঠিয়েছেন। ওই টাকার অপেক্ষায় ছিলেন তাঁরা। হক মিয়া কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, কে জানত টাকার পরিবর্তে ছেলের লাশের জন্য এভাবে অপেক্ষা করতে হবে।

মুঠোফোনে কথা হয় রনির স্ত্রী ফরিদা বেগমের বড় বোন স্বপ্না বেগমের সঙ্গে। তিনি জানান, এই ঈদের পর রনি দেশে ফিরে এলে তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। রনির অপেক্ষায় ফরিদার সময় কাটছিল। রনির মৃত্যুর খবর শোনার পর থেকে ভেঙে পড়েছে ফরিদা।