
ঋতুবৈচিত্র্যের বিষয়টি যদি শিশুদের জানানো না যায়, তাহলে তারা সত্যিকারের বাঙালি হয়ে বড় হতে পারবে না। অনেক শিশু-কিশোরই জানে না কখন শরৎ আসে, কখন বর্ষা আসে। শিশু-কিশোরদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে এ দেশের কৃষ্টি-সংস্কৃতি বেশি বেশি করে তুলে ধরতে হবে। গতকাল রোববার চট্টগ্রামের পাঁচলাইশে শিশু একাডেমীতে অনুষ্ঠিত নবান্ন উৎসবে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে গতকাল বিকেলে একাডেমীর মুক্ত মঞ্চে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। ৬১ শিশুর যন্ত্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ গানটি যন্ত্রসংগীতের মাধ্যমে তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. দৌলতুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক হাসিনা জাকারিয়া ও চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া পরিষদের সভাপতি ইশরাত জাহান। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক মো. আবদুস সালাম।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের অনেক উৎসব হারিয়ে যাচ্ছে। কখন শরৎ আসে, কখন বর্ষা আসে শিশু-কিশোরেরা জানে না। বাংলাদেশ ঋতুবৈচিত্র্যের দেশ। যদি শিশুদের ঋতুবৈচিত্র্যের বিষয়টি না জানানো যায়, তাহলে তারা সত্যিকার বাঙালি হয়ে উঠতে পারবে না। তিনি বলেন, নবান্ন উৎসবের ঐতিহ্য রয়েছে। এ উৎসবের তাৎপর্য শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে।
অধ্যাপক হাসিনা জাকারিয়া বলেন, কৃষিভিত্তিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের উৎসবের দরকার রয়েছে। শৈশবে দেশকে জানতে পারলে শিশুরা সত্যিকারের বাঙালি হয়ে বেড়ে উঠবে।
যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসব শেষ হয় শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এর আগে গান, আবৃত্তি, নৃত্য, যন্ত্রসংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।