কখনো হেঁটে কখনো রিকশায় চড়ে গন্তব্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহনশ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। ছবিটি গতকাল সকাল নয়টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক এলাকা থেকে তোলা l প্রথম আলো
পরিবহনশ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। ছবিটি গতকাল সকাল নয়টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক এলাকা থেকে তোলা l প্রথম আলো

অফিসের উদ্দেশে বা ব্যবসায়িক কাজে বা অন্য কোনো প্রয়োজনে গতকাল বুধবার সকালে বাসা থেকে বের হওয়া লোকজনের গন্তব্যে পৌঁছার উপায় ছিল কেবল দুটি। হয় দীর্ঘপথ হেঁটে, নয়তো স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে রিকশায় চড়ে। তবে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। পরিবহন ধর্মঘটের টানা দ্বিতীয় দিনের ধর্মঘটের সকালটা চট্টগ্রাম নগরের বাসিন্দাদের জন্য ছিল এমনই।

রাস্তায় টায়ার জ্বা​লিয়ে যান চলাচলে বাধা দেন শ্রমিকেরা। ছবিটি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো
রাস্তায় টায়ার জ্বা​লিয়ে যান চলাচলে বাধা দেন শ্রমিকেরা। ছবিটি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগর থেকে বিভিন্ন জেলা এবং উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বেলা তিনটা পর্যন্ত কার্যত বন্ধ ছিল। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের বটতলী রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। নগরের অভ্যন্তরে কিছু ব্যক্তিগত গাড়ি ছাড়া গণপরিবহন চলেনি। অটোরিকশাও খুব কম চলেছে। বেলা আড়াইটার দিকে ধর্মঘট প্রত্যাহারের পর থেকে আস্তে আস্তে নগরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
নগরের খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে বেলা ১১টায় কথা হয় এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমার মেয়েকে নিয়ে হালিশহর থেকে বের হয়েছি আটটায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সিএনজি (অটোরিকশা) পাইনি। পরে একটি রিকশা নিয়ে কিছুদূর আসি। এরপর আবার আরেকটি রিকশা ঠিক করি। স্কুলে যখন পৌঁছাই তখন ১০টা প্রায় বাজে।’

সড়কে কাভার্ড ভ্যান আড়াআড়ি ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন পরিবহনশ্রমিকেরা। ছবিটি গতকাল সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিসিক রাস্তার মাথা এলাকা থেকে তোলা l প্রথম আলো
সড়কে কাভার্ড ভ্যান আড়াআড়ি ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন পরিবহনশ্রমিকেরা। ছবিটি গতকাল সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিসিক রাস্তার মাথা এলাকা থেকে তোলা l প্রথম আলো

এর আগে গতকাল সকাল নয়টায় নগরের কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় গিয়ে দেখা যায়, শত শত লোক গাড়ির জন্য অপেক্ষা করছেন। তাঁদের বেশির ভাগই চাকরিজীবী। চট্টগ্রাম নগর থেকে পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়াসহ বিভিন্ন উপজেলায় যাওয়ার জন্য তাঁরা অপেক্ষায় ছিলেন। কিন্তু বাস, ট্রাক, পিকআপ, হিউম্যান হলার, সিএনজি অটোরিকশা কোনো কিছুই তখন চলছিল না। বাধ্য হয়ে কেউ হেঁটে কেউবা রিকশা কিংবা রিকশা-ভ্যানে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।
পটিয়ার একটি স্কুলের শিক্ষক জেসমিন আক্তার বলেন, তিনি আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। স্কুলে কীভাবে যাবেন ভেবে কূল পাচ্ছেন না।
নগরের বহদ্দারহাট টার্মিনাল থেকে গতকাল সকালে একটি বাসও ছেড়ে যায়নি। কক্সবাজার ও বান্দরবান জেলার উদ্দেশে এখান থেকে বাস ছাড়ে।
নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারীর একাংশ, রাউজান এবং রাঙ্গুনিয়ার উদ্দেশে সিএনজি অটোরিকশা ও টেম্পো ছাড়ে প্রতিদিন। গতকাল সেখান থেকেও কোনো গাড়ি ছাড়েনি। একইভাবে নগরের প্রবেশমুখ অক্সিজেন বাস টার্মিনাল ও কদমতলী বাস টার্মিনাল থেকেও কোনো যানবাহন ছাড়েনি।

গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন অনেকে। চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন অনেকে। চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম রাঙামাটি সড়কের হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় সকালে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেন। সেখানে তাঁরা টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। এই সড়ক দিয়ে রাঙামাটি, খাগড়াছড়ি জেলা ছাড়াও ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলায় যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করতে হয়।
পুলিশ সূত্র জানায়, নগরের লালখান বাজারে সকালে এক চালক শ্রমিকদের হাতে মারধরের শিকার হন। এ ছাড়া বাদুরতলা এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ছাড়া নিউমার্কেট, আগ্রাবাদ, কাজীরদেউড়ি, এ কে খান মোড়সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত শ্রমিকেরা যান চলাচলে বাধা সৃষ্টি করেন।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য বলেন, নগরের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো কিছু ঘটনা ঘটছে।
সীতাকুণ্ড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের অন্তত ছয় স্থানে অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় তাঁরা তিনটি গাড়ি ভাঙচুর করেন।
গতকাল সকালে সীতাকুণ্ড সদর, কুমিরা, রয়েল সিমেন্ট গেট, ভাটিয়ারী, ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের বাংলাবাজার এলাকা, চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পরিবহনশ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেন।
সাঙ্গু গ্যাসফিল্ড এলাকায় সকাল আটটায় সুজানা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রথম আলোকে জানায়, গাড়ি বন্ধ থাকবে জেনে দুই ঘণ্টা আগে হেঁটে রওনা দিয়েছে সে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে কোথাও ভাঙচুরের খবর পাননি তিনি।
ফেনী
ফেনীতে গতকাল সকাল ১০টা থেকে বাসের পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা। বেলা একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের সংযোগস্থল মহিপালে গিয়ে দেখা যায়, কোনো গাড়ি চলছে না। মাঝেমধ্যে দু-একটি অটোরিকশা চলাচলের চেষ্টা করলেও পরিবহনশ্রমিকেরা বাধা দেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের চাড়িপুর বিসিক রাস্তার মাথায় গতকাল সকাল ১০টা থেকে বেশ কয়েকটি ট্রাক ও কাভার্ড ভ্যান আড়াআড়ি করে ফেলে রাখেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুদিকে শত শত যানবাহন আটকা পড়ে।
ফেনী শহরের অভ্যন্তরীণ রুটেও সকাল থেকে বাস-অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়ে মানুষ।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ফেনী রেলস্টেশনে যাত্রীদের ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। ট্রেনে দাঁড়ানোর মতো অবস্থা না থাকায় অনেক যাত্রী ছাদে পর্যন্ত ওঠেন।
যাত্রীর চাপ সামাল দিতে গতকাল বেশির ভাগ ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয় বলে জানান ফেনী রেলস্টেশনের মাস্টার মাহবুবুর রহমান।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর শহরে গতকাল সকাল থেকে অটোরিকশা চলাচলে বাধা দেন শ্রমিকেরা। ধর্মঘটের কারণে রাস্তায় দাপট ছিল রিকশার। সুযোগ বুঝে রিকশাচালকেরাও অতিরিক্ত ভাড়া আদায় করেন।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে লক্ষ্মীপুরের সর্বস্তরের শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। সকাল থেকে লক্ষ্মীপুর-রায়পুর, লক্ষ্মীপুর-রামগঞ্জ, লক্ষ্মীপুর-রামগতি ও লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজম্ব প্রতিবেদক, চট্টগ্রাম; ফেনী অফিস, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ও লক্ষ্মীপুর প্রতিনিধি)