কখনোই বাবার দেখা পাবে না মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক কোলে নিহত কামরুল ইসলাম মৃধার স্ত্রী জয়নব আক্তার
নবজাতক কোলে নিহত কামরুল ইসলাম মৃধার স্ত্রী জয়নব আক্তার

চৌকিতে বসা মায়ের কোলে নবজাতক। ঘরভর্তি প্রতিবেশী, আত্মীয়স্বজন। শিশুটিকে দেখে একজন বলে উঠলেন, ‘মাইয়াডা ওর বাপের মতন হইছে।’
কিন্তু শিশুটির বাবা কামরুল ইসলাম মৃধার সন্তানকে দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন ২২ মার্চ সংঘর্ষের সময় বিজিবির গুলিতে প্রাণ হারান তিনি। সে ঘটনায় নিহত হন আরও চারজন। সবাই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক।
কামরুলের মেয়ে হয়েছে গত বুধবার দুপুরে। তার মৃত্যুর পরই মঠবাড়িয়ার ছোট মাছুয়া গ্রামে বাবার বাড়িতে ঠাঁই হয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রী জয়নব আক্তারের। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তান কোলে নিয়ে ঘরের বারান্দায় একটি চৌকিতে বসে আছেন জয়নব। চোখেমুখে বিষণ্নতার ছাপ। এই বয়সেই বিধবা হয়েছে। এখন কোলে এসেছে শিশু। ভবিষ্যৎ নিয়েই তো উদ্বেগ থাকবেই।
জয়নব আক্তার বলেন, বাবা হতে যাচ্ছেন—এ খবর শোনার পর কামরুলের সেকি উচ্ছ্বাস! বাজার থেকে মিষ্টি এনে সবাইকে খাইয়েছিলেন তিনি। সব সময় বলতেন, ‘আমার মেয়ে হবে’। তা-ই হয়েছে।
‘আজ সবাই আছে, শুধু কামরুল নেই। সে থাকলে সবার চেয়ে বেশি খুশি হতো। মেয়ে একেবারে বাবার মতন হয়েছে। কিন্তু পিতৃহারা এই মেয়েকে আমি কীভাবে মানুষ করব?’ বলতে বলতে কান্নায় কণ্ঠ জড়িয়ে আসে জয়নব আক্তারের।
পারিবারিক সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কামরুল ইসলাম মৃধার সঙ্গে ২০১৫ সালের জানুয়ারি মাসে বিয়ে হয় জয়নব আক্তারের। বিয়ের এক বছর তিন মাসের মাথায় কামরুল নিহত হন। কামরুলের বাবা সাইদুর মৃধা অসুস্থ। কামরুলের আয়েই চলত সংসার। তাঁর মৃত্যুর পর বাবার বাড়ি চলে আসা ছাড়া উপায় ছিল না জয়নবের। রিকশাচালক বাবা মিজানুর রহমানেরও কষ্টের সংসার। কিন্তু মেয়েকে তো ফেলে দিতে পারেন না।
জয়নবের মা জাহানারা বেগম বলেন, ‘তিন মাস ধরে মেয়ের চিকিৎসা ও খাওয়ার ব্যবস্থা আমরা করছি। কেউ খোঁজ নেয়নি।’
মিজানুর রহমান বলেন, ‘রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়ে পাঁচজনের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এখন নাতনি হয়েছে। যাদের জন্য কামরুল জীবন দিল, তারা আজ পর্যন্ত একবারও খবর নিল না।’
জানতে চাইলে ধানীসাফা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী (একটি কেন্দ্রের ফল স্থগিত থাকায় চূড়ান্ত ফল ঘোষিত হয়নি) হারুন অর রশিদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কামরুলের স্ত্রীর সন্তান হওয়ার কথা আমি শুনিনি। আজই (গতকাল) আমি খবর নেব।’