কখনো জঙ্গি নির্মূলের দাবি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কখনো জঙ্গি নির্মূলের দাবি করিনি। তবে জঙ্গি নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় আজ বুধবার সংসদে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, শোলাকিয়া, আশুলিয়াসহ বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নাশকতার চেষ্টা ভন্ডুল করা সম্ভব হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কারাগারে শতকরা ১৭ ভাগ মাদক মামলার আসামি। মাদক মামলার নিষ্পত্তিতে সহজে সাক্ষী পাওয়া যায় না। এ জন্য সরকার মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। দেশে মাদক উৎপাদনের কোনো কারখানা নেই। প্রতিবেশী দেশ থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করে। এসব দেশের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।’

মন্ত্রী আরও বলেন, সময়মতো সবাইকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বিদেশ থেকে একজন শ্রমিককেও দেশে ফিরতে হয়নি। সময়মতো সবাইকে পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। শিগগির ই-পাসপোর্ট চালু করা হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘অন্য একজনকে ঠকিয়ে ড. ইউনূসকে গ্রামীণফোনের লাইসেন্স দেওয়া হয়েছিল। এই লোকটাকে মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। এই সংসদে দাঁড়িয়ে স্বীকার করছি, আমরা অন্যায় করেছিলাম। চারজনের মধ্যে তিনজন মোবাইলের লাইসেন্স পাওয়ার যোগ্য ছিল। একজনকে ঠকিয়ে আমরা ইউনূস সাহেবকে লাইসেন্স দিয়েছিলাম। সেটা তিনি বিক্রি করে নোবেল প্রাইজ নিয়েছেন। তাঁকে সম্মান করি। কিন্তু সম্মান করে ভুল করেছিলাম। লাইসেন্স পেয়েই তিনি বেইমানি করেছেন। আমরা তাঁকে বিনা পয়সায় রেলওয়ের অপটিক্যাল ফাইবার দিয়েছিলাম।’

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন আগামীকাল বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।