কখনো ভাড়াটে কখনো আত্মীয় সেজে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো ভাড়া নেওয়ার অজুহাতে আবার কখনো বা দূর-সম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে পরিবার নিয়ে বাসায় ঢোকেন তাঁরা। কর্তা নিজের পরিচয় দেন মেজর কিংবা পুলিশের বড় কর্মকর্তা হিসেবে। ঘরে ঢুকেই হাতের কাছে যা পান তা কৌশলে চুরি করে পালান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, পাবনাসহ দেশের অনেক বড় বড় শহরে তাঁরা এই ‘কীর্তির’ স্বাক্ষর রেখেছেন। পুলিশের হাতে ধরা পড়ার রেকর্ডও তাঁদের আছে। তবে জামিনে বের হয়ে আবারও একই কাজে নেমে পড়েন তাঁরা।

গত রোববার রাতে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি অভিজাত হোটেল থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পারে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী সেলিনা আক্তার ও শ্যালকের স্ত্রী নূপুর আক্তার। তাঁদের কাছ থেকে চোরাই ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ঢাকা, বরিশাল ও মাদারীপুরে চুরির মামলা রয়েছে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে মাদারীপুরের কালকিনিতে নিজেকে র‌্যাবের মেজর পরিচয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। ওই ঘটনায় করা মামলায় জামিনে এসে তিনি ঢাকায় চলে যান। সেখানে সেলিনাকে বিয়ে করে স্ত্রী, শ্যালিকা শাবনূর আক্তার ও শ্যালক মাইন উদ্দিনকে নিয়ে চোর দল গঠন করেন। চুরির জন্য কখনো কখনো নিজের সন্তান ও শাশুড়িকেও সঙ্গে নিতেন শফিকুল।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, তিন বছর ধরে তাঁরা এই কৌশলে চুরি করছেন। দেশের বিভিন্ন শহরে গিয়ে প্রথমে অভিজাত হোটেলে ওঠেন। সঙ্গে ছোট ছোট সন্তান, কখনো বৃদ্ধ মা থাকায় সহজে কেউ সন্দেহ করে না। হোটেলে ওঠার পর আশপাশের আবাসিক এলাকায় ঘুরে শফিকুল চুরির জন্য লক্ষ্য নির্ধারণ করেন। এরপর স্ত্রীসহ বাকি সদস্যদের নিয়ে ওই বাসায় যান।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান বলেন, শফিকুল ও তাঁর স্ত্রী সেলিনা গত ২০ জুন বরিশালের কোতোয়ালি থানায় করা একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে ৩ জুলাই জামিনে মুক্তি পান। এরপর তাঁরা খুলনা, ঢাকা, বরিশাল, রাজশাহী ঘুরে চুরি শেষে ২৫ জুলাই চট্টগ্রামে আসেন। ২৭ ও ২৮ জুলাই নগরের হালিশহর ও পাঁচলাইশ খতিবের হাটে দুটি বাসায় চুরি করেন। ওই বাসা দুটি থেকে সংগ্রহ করা ক্লোজ-সার্কিট (সিসি) ক্যামেরায় ফুটেজে গ্রেপ্তার দুই আসামির চেহারা দেখা গেছে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি। 

গতকাল সোমবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী সেলিনা এসব চুরি করেন। তিনি স্ত্রীর কথামতো চলেন। তবে সেলিনা দাবি করেন, তাঁর স্বামী শফিকুল দীর্ঘদিন ধরে এভাবে চুরি করে আসছেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন।