কখনো মাঠে, কখনো ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ও বিমে প্রায় দেড় বছর আগে ফাটল দেখা দেয়। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় কখনো বিদ্যালয়ের মাঠে আবার বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে চলছে পাঠদান।
বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, ১৯৮৮ সালে গৌরীপুর ইউনিয়নে বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে চার কক্ষবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। দেড় বছর আগে বিদ্যালয়ের ভবনের ছাদ ও বিমে প্রথম ফাটল দেখা দেয়। এরপর নিয়মিতই ভবনের পলেস্তারা খসে পড়ছে। ভবনের ছাদে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের অভিভাবকেরা নানা সময়ে ওই ভবনে পাঠদান করাতে আপত্তি করে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিল মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিষয়টি জানান। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। দুই মাস আগে আবারও অভিভাবকেরা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানে আপত্তি করলে প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের মাঠে পাঠদান শুরু হয়। তবে বৈরী আবহাওয়ায় আবারও চলে যেতে হয় ঝুঁকিপূর্ণ ভবনের ভেতর। বর্তমানে এভাবেই চলছে পাঠদান। বর্তমানে বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে।
প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, ‘স্থানীয় লোকজনের চাপে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে আমরা মাঠে পাঠদান শুরু করি আনুমানিক দুই মাস আগে। মাঝে মাঝে বৈরী আবহাওয়ার কারণে আবার ভবনের ভেতরেও পাঠদান চালাতে হয়। ভেতরে পাঠদান করাটা খুবই ঝুঁকিপূর্ণ।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, সম্প্রতি তিনি এখানে যোগ দিয়েছেন। খোঁজ নিয়ে দ্রুতই সমাধানের চেষ্টা করবেন।