কঙ্গোতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমোক্রেটিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনা কন্টিনজেন্ট প্রতিস্থাপন করা হচ্ছে। বর্তমানে কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নসহ পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ শুক্রবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই কন্টিনজেন্টগুলোর মধ্যে বাংলাদেশ ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) কোম্পানির ১৮০ জন সদস্যকে প্রতিস্থাপন করা হচ্ছে। খবর বাসসের।

আজ লেফটেন্যান্ট কর্নেল মো. কবিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮০ জন শান্তিরক্ষী কঙ্গোর উদ্দেশে জাতিসংঘের ভাড়া করা বিমানে ঢাকা ত্যাগ করেন।

সেনাসদরের ইঞ্জিনিয়ার্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে তাঁদের বিদায় জানান। এ উপলক্ষে সেনাসদস্যদের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

২০০৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। কঙ্গোর বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার ও জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।