কঙ্গোতে সেনাসদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রফিকুল ইসলাম
মো. রফিকুল ইসলাম

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাসদস্য করপোরাল মো. রফিকুল ইসলাম (৩৩) গত বুধবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ খবরে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলছে মাতম।
রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মধুপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবু তাহের মিয়ার ছেলে।
ওই বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ বছর আগে সেনাবাহিনীর আর্টিলারি কমান্ডো কোরে সৈনিক হিসেবে যোগদান করেন রফিকুল ইসলাম। চার বছর আগেও তিনি একবার শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে গিয়েছিলেন। সে সময় তিনি এক বছর চাকরি করেন।
গত ১৩ নভেম্বর রফিকুল ইসলাম আবারও কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে যান। বুধবার কর্মস্থলে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ওই রাতেই বগুড়া সেনানিবাসের কোম্পানি কমান্ডার মুঠোফোনে রফিকুলের বাবা আবু তাহের ও তাঁর স্ত্রী রোকসানা আক্তারকে ঘটনাটি জানান।
এ খবরে মা মমিনা বেগম ছেলের শোকে কাতর হয়ে পড়েন। তিনি বারবার মূর্ছা যান।
পারিবারিক সূত্র জানায়, রফিকুল ইসলাম ২০০৪ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রামে বিয়ে করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। স্ত্রী রোকসানা আক্তার সন্তানদের নিয়ে ঢাকার শনির আখড়ায় বসবাস করেন। স্বামীর মৃত্যুর শোকে তিনি পাথর হয়ে গেছেন। ছেলে রুবাইয়েত ইসলাম (৭) ও মেয়ে সানজিদা আক্তার (৫) বাবার মৃত্যুর খবর শুনলেও তারা কিছুই বুঝে উঠতে পারছে না।
রফিকুলের বাবা আবু তাহের বলেন, তাঁর তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে রফিকুল ইসলাম মেজো।