কচি হাতের মমতায় গড়া শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লায় ১০ থেকে ১২ জন শিশু ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করেছিল ব্যতিক্রমী এক শহীদ মিনার। ওদের গড়া শহীদ মিনারটি আর দশটি শহীদ মিনারের মতো ইট, কাঠ, লোহার রড বা দামি জিনিস দিয়ে তৈরি হয়নি।তৈরি হয়েছিল কুড়িয়ে আনা পাটখড়ি আর নদীর পাড় থেকে আনা মাটি দিয়ে। দুই দিন ধরে কচি হাতের পরম মমতায় ওরা তৈরি করেছিল শহীদ মিনারটি। গতকাল ভোর থেকেই ওরা খালি পায়ে সেই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়। শহীদ মিনার গড়া ওই শিশুদের বয়স ৫ থেকে ১২। শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে ইতিমধ্যেই ওরা ওদের বাবা-মায়ের কাছ থেকে জেনে অনুপ্রাণিত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিন্তি জানায়, দুই দিন আগে তার স্কুলশিক্ষক ফুফু তাদের সবাইকে ডেকে মাতৃভাষা দিবসের ইতিহাস সম্পর্কে বলেছেন। এর পর পরই সব শিশু মিলে সিদ্ধান্ত নেয় শহীদ মিনার বানিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর। প্রথমে নদীপাড় থেকে মাটি এনে সোপান তৈরি করে। এরপর কুড়িয়ে আনা পাটখড়ি দিয়ে সেখানে শহীদ মিনার তৈরি করে। সাজানোর জন্য শিশুরা যে যার বাড়ি থেকে রঙিন কাগজ, ফুলসহ অন্যান্য সামগ্রী নিয়ে আসে। ১০ থেকে ১২টি শিশু কচি হাতে চরম মমতায় তৈরি করে শহীদ মিনারটি।