প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কচুক্ষেত-সংলগ্ন মুসলিম মডার্ন একাডেমি স্কুলের কাছের গলিতে শুভ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। পুলিশের ধারণা, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাষানটেক থানার পুলিশ বলেছে, গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ মুসলিম মডার্ন একাডেমি স্কুলের কাছে ওয়াসা পাম্পের পাশ থেকে শুভ নামের ওই যুবককের লাশ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর সারা শরীরে মারধরের চিহ্ন রয়েছে। গতকাল সকালে স্বজনেরা ঘটনাস্থলে শুভর লাশ শনাক্ত করেন। শুভ সপরিবারে ইব্রাহীমপুরে থাকতেন। তিনি বেকার ছিলেন। তাঁর বাবা মালয়েশিয়াপ্রবাসী। পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মুহম্মদ কামাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, অন্যত্র পিটিয়ে হত্যার পর যুবকের লাশ ওয়াসা পাম্পের কাছে ফেলে যায় খুনিরা। কারা কেন তাঁকে খুন করেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।