বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধের মধ্য দিয়ে গতকাল শনিবার কচুয়ায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। জেলা কারাগারে থাকা অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কচুয়া উপজেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন ওরফে দুলালের মৃত্যুর প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের অভিযোগ, দুলালকে জেলা কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার রাতে এই হরতাল আহ্বান করেন।
হরতালের সমর্থনে সকাল থেকে কচুয়ার বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেন নেতা-কর্মীরা।
সকাল সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগৎপুর ও কচুয়া-ঢাকা সড়কের পালাখাল এলাকা, রহিমানগর ও সাচার এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ ছাড়া কচুয়া-কুমিল্লা-চাঁদপুর সড়কের সুবিদপুর এলাকায় রাস্তায় গাছের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় পাঁচ-ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। কচুয়া বাজারের দোকানপাট ছিল বন্ধ।
এদিকে কচুয়া-কুমিল্লা সড়কের সুবিদপুর এলাকায় রাস্তার ওপর খড় রেখে আগুন দেয় পিকেটাররা। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হরতাল চলাকালে ঢাকা, কুমিল্লা ও চাঁদপুরের সঙ্গে কচুয়ার সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এতে ঈদ শেষে কর্মস্থলমুখী লোকজন চরম ভোগান্তিতে পড়ে।
জানা যায়, দুলাল গত সেপ্টেম্বর মাস থেকে চাঁদপুর কারাগারে ছিলেন। তিনবার জামিন পাওয়ার পর প্রতিবারই তাঁকে নতুন মামলায় জেলগেট থেকে আটক করা হয়। সাত-আট দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাঁকে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিল্লা হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।
চাঁদপুরের জেল সুপার মো. আবদুল্লাহ আল মামুন জানান, চিকিৎসার ক্ষেত্রে তাঁরা কোনো অবহেলা করেননি। জ্বর ও গ্যাসজনিত সমস্যায় ভুগছিলেন দুলাল।