‘কচুরিপানায় পানি পইচ্যা গন্ধ বাড়ায়া গ্যাছে। তার পরেও কুনু উপায় না থাকায় এই পানিতেই গোসল করা লাগে। পচা পানিতে গোসল কইর্যা গায়ে চুলকানি হয়্যা গেছে। বছরের পর বছর কচুরিপানায় গাঙ ভইর্যা থাকলিউ সাফ করার কেউ নাই।’ তীব্র ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন পাবনার সাঁথিয়া পৌরসভার ফকিরপাড়া মহল্লার বাসিন্দা ইয়াকুব আলী। তাঁর মতো একই রকম ক্ষুব্ধ পৌরসভার প্রত্যেক বাসিন্দা।সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ ইছামতীর বেশির ভাগ অংশ কচুরিপানা ও আগাছায় ভরে উঠেছে। এত বেশি পরিমাণ কচুরিপানা থাকায় নদী দিয়ে কোনো ধরনের নৌযান চালানো সম্ভব নয়। কিছু কিছু এলাকায় কচুরিপানা পচে পানি কালো বর্ণ ধারণ করেছে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। সাঁথিয়া বাজারঘাটে নদীতে ১৫-২০ জন গোসল করছিলেন। তাঁরা জানান, কোনো উপায় না থাকায় এমন পচা পানিতে তাঁরা গোসল করতে বাধ্য হচ্ছেন। পচা পানির কারণে অনেকেরই চর্মরোগ ও পেটের পীড়া দেখা দিয়েছে। এলাকায় মশার উপদ্রবও বেড়ে গেছে। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের কচুরিপানা সরানোর জন্য বারবার বলা হলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।খোঁজ নিয়ে জানা গেল, একসময়ের স্রোতস্বিনী ইছামতী নদীকে ১৯৯০ সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এনে একে প্রধান সেচখালে রূপান্তরিত করা হয়। এর পরও দুই পাড়ের অসংখ্য মানুষ গৃহস্থালিসহ নানা প্রয়োজনে এর পানি ব্যবহার করে আসছিলেন। কিন্তু কয়েক বছর ধরে এর বুকজুড়ে ঘন হয়ে কচুরিপানা জন্মানোয় আগের মতো আর পানি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া নৌচলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। কচুরিপানা না সরানোয় অনেক এলাকাতেই সেগুলো পচে পরিবেশদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেড়া ও সাঁথিয়া উপজেলার অন্তত ১০টি গ্রামের বাসিন্দা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে। এগুলো অপসারণের নামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতিবছর কয়েক লাখ টাকা ব্যয় করলেও কাজের কাজ কিছুই হয় না। এ বছরও পাউবো দরপত্র আহ্বান করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত ৬ মার্চের মধ্যে কচুরিপানা অপসারণের কাজ দিয়েছিল। টাকা খরচ হয়েছে ঠিকই কিন্তু কচুরিপানা বহাল তবিয়তেই রয়েছে।সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম বলেন, এগুলো অপসারণের দায়িত্ব পাউবোর। তাদের বারবার বলার পরও তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।পাউবোর বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, প্রধান সেচখাল (ইছামতী নদী) ১২টি মৎস্যজীবী সমিতির কাছে ইজারা দেওয়া হয়েছে। কচুরিপানা পরিষ্কার করার দায়িত্ব সমিতিগুলোকে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এবার দরপত্র আহ্বানের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৬ হাজার টাকায় কচুরিপানা ও আগাছা অপসারণের কাজ দেওয়া হয়েছে। বিশাল এলাকার কচুরিপানা অপসারণের জন্য এ টাকা একেবারেই অপ্রতুল। তার পরও কচুরিপানা অপসারণের কাজ চলছে।