কচুরিপানায় ভরে গেছে ফুলজোড় নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদ কচুরিপানায় ভরে গেছে। পানির প্রবাহ বন্ধ হওয়ায় এবং এর বিভিন্ন স্থানে বাঁশের বেড়া দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা থেকে নলকা ইউনিয়নের নলকা সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই নদের অন্তত পাঁচটি জায়গায় বাঁশ ও গাছের ডালপালা দিয়ে ঘের তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। এসব এলাকা হলো: ধানগড়া ইউনিয়নের ধানগড়া, রায়গঞ্জ ও ঝাপড়া, ঘুড়কা ইউনিয়নের একাংশ ও নলকা ইউনিয়নের একটি অংশ। তা ছাড়া এর ১০টি স্থানে তলদেশ শুকিয়ে গেছে। বিশেষ করে চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা ও সিমলা, ধানগড়া ইউনিয়নের মহেশপুর, কুটিরচর, ধানগড়া সেতুর পশ্চিম অংশ ও ধানগড়া মধ্যপাড়া, ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতি ও ঘুড়কা, নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ ও নলকা এলাকায় নদের পানি একেবারে শুকিয়ে গেছে। ধানগড়া এলাকার কিছু অংশসহ এর চার-পাঁচটি অংশে বেশ পানি রয়েছে। কিন্তু এসব অংশ কচুরিপানায় ভরে রয়েছে।
ফুলজোড় নদ এলাকার কয়েকজন বাসিন্দা জানান, শুষ্ক মৌসুমে, বিশেষ করে চৈত্র-বৈশাখ মাসে নদের বিভিন্ন এলাকা শুকিয়ে যায়। ফলে পানির প্রবাহ বন্ধ থাকে। এ সময় ধানগড়া এলাকার যে অংশে পানি থাকে, সেখানে নদের তীরবর্তী প্রভাবশালী ব্যক্তিরা বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার জন্য ঘের তৈরি করেন। ঘেরের মধ্যে বাঁশ ও গাছের ডাল দেওয়া হয়। ফলে অল্প দিনেই কচুরিপানায় ভরে যায় ঘের। ঘেরের এই কচুরিপানা নদের অন্যান্য
অংশে ছড়িয়ে পড়ে। এ কারণে এলাকাবাসী এর পানি ব্যবহার করতে পারে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন মৎস্যজীবীরা। ঘের থাকার কারণে তাঁরা নদে জাল ফেলতে পারেন না।
মৎস্যজীবী আবদুল মান্নান বলেন, ‘প্রতিবছরই ফুলজোড়ের বিভিন্ন এলাকায় এভাবে ঘের দিয়ে মাছ ধরে। কিন্তু আমরা এতে জাল ফেলতে পারি না।’ আকবর আলী বলেন, ফুলজোড়ে ঘের থাকায় জাল ফেলতে দেওয়া হয় না। এর তীরবর্তী ধানগড়া এলাকার মিজানুর রহমান বলেন, পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নদের এই অংশ কচুরিপানায় ভরে গেছে। গোসল করাসহ এতে কোনো কাজই করা যায় না। প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পানিও দূষিত হয়ে গেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, পানির প্রবাহ ঠিক রাখতে এটি খনন জরুরি। নদ দখল করে যাঁরা বাঁশের ঘের দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।