কচুয়া থানার ওসিকে মিলনের হুমকি!
চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, গতকাল শুক্রবার কচুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ১৭ মে হরতাল চলাকালে ভাঙচুর করার মামলা রয়েছে। কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ‘গতকাল দুপুরের দিকে চাঁদপুর-১ আসনের সাবেক সাংসদ আ ন ম এহছানুল হক মিলন তাঁকে মুঠোফোনে বলেন, ‘আপনারা আমার ও আমার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। বিএনপি ক্ষমতায় গেলে একইভাবে আপনি ওসি এবং আপনার অফিসারদের বিরুদ্ধেও মামলা দিয়ে জেল খাটাব।’ কচুয়া থানার ওসি (তদন্ত) জি আজাদ বলেন, মুঠোফোনে হুমকির কথা উল্লেখ করে কচুয়া থানার ওসি নিজেই গতকাল বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার জানান, ওসিকে মিলন ফোন করেছেন সেটা সঠিক, তবে তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি।