কচুয়ার তানিয়া হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
চাঁদপুরের কচুয়া উপজেলার গৃহবধূ তানিয়া হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালাহউদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, পৌরসভার কোয়া এলাকার কামাল, জয়নাল হাজারী ও মিজান হোসেন কারাগারে এবং খোরশেদা বেগম পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০০২ সালে চাঁদপুরের কচুয়া উপজেলার কোয়া এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে হাজীগঞ্জের তারাপাল্লা এলাকার আবুল কাশেমের মেয়ে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর আনোয়ার বিদেশ চলে যান। এর মধ্যে তানিয়া কচুয়ার রাসেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্বামী আনোয়ার বিষয়টি জেনে দেশে ফিরে আসেন। এ নিয়ে তানিয়ার সঙ্গে আনোয়ারের ঝগড়া হয়। এরপর তানিয়া রাসেলের সঙ্গে সিলেট চলে যান। এ খবর পেয়ে কচুয়া পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন সিলেট গিয়ে তানিয়া ও রাসেলকে এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর মামুনসহ অন্য আসামিরা তানিয়াকে নির্যাতন চালিয়ে হত্যা করেন।
এ ঘটনায় ২০১১ সালের ২৮ এপ্রিল তানিয়ার বাবা আবুল কাশেম বাদী হয়ে কচুয়া থানায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩০ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কুমিল্লা কার্যালয়ের এসআই জামির হোসেন চাঁদপুর আদালতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আমান উল্যাহ ও এপিপি মুক্তার হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন ও রেজাউল।