কচুয়ায় অটোরিকশার চাপায় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার চকমাহমুদ গ্রামে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ফরহাদ হোসেন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

ফরহাদ হোসেন পৌরসভার বালিয়াতলী গ্রামের মো. মফিজের ছেলে। সে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফরহাদের পরিবার ও এলাকাবাসী জানায়, গত সোমবার সকাল ১০টায় চকমাহমুদ গ্রাম থেকে বাড়ি ফেরার পথে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ফরহাদকে রাস্তার পাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ফরহাদের মুখ ও মাথায় গুরুতর জখম হয়। সংবাদ পেয়ে ফরহাদের পরিবার ও এলাকাবাসী তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় ফরহাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।