কচুয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার পাথৈর ইউনিয়নের বারৈয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কচুয়া-ঢাকা সড়ক অবরোধ করায় সেখানে যানচলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১৫ মার্চ অনুষ্ঠেয় কচুয়া উপজেলা নির্বাচনকে ঘিরে মূলত ঘটনার সূত্রপাত। এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আইয়ুব আলী। কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসহাক সিকদারও নির্বাচনে প্রার্থী। এ কারণে গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ইসহাক সিকদারকে বহিষ্কার করা হয়। এ নিয়ে ইসহাক সিকদার ও আইয়ুব আলীর সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। আজ সকাল ১০টার দিকে ইসহাক সিকদার তাঁর সমর্থকদের নিয়ে ঢাকা থেকে কচুয়া আসছিলেন। এ সময় আইয়ুব আলীর পক্ষের পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাছের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন যুবক ইসহাক সিকদারের সমর্থকদের বারৈয়াড়া এলাকায় বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় আলী আক্কাছের বিক্ষুব্ধ সমর্থকেরা গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৪টি রাবার বুলেট ছোড়ে। এ সময় কয়েকজন ক্ষিপ্ত হয়ে কচুয়া থানার এএসআই গোপালের গুলিভর্তি একটি পিস্তল ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ভাঙচুরের সময় সাংবাদিক, চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা কচুয়া, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সাধীন।

এ ঘটনার পর বেলা দুইটার দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ওই সড়ক দিয়ে কচুয়া আসছিলেন। তিনি শিমুলতলী এলাকায় পৌঁছলে ইসহাক সিকদারের সমর্থকেরা তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও তাঁকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে আলমগীরের গাড়িবহর থামিয়ে দেন। এ সময় প্রায় সহস্রাধিক সমর্থক রাস্তার ওপর শুয়ে পড়ে কচুয়া-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। এ ঘটনায় মহীউদ্দীন খান আলমগীরের গাড়িসহ যাত্রীবাহী সব যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসহাক সিকদারের সমর্থকদের উদ্দেশে ক্ষমতাসীন দলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কথিত সভায় ইসহাক সিকদারের বহিষ্কার বৈধ নয়। তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হবে। এ কথার পরই ইসহাক সিকদারের সমর্থকরা অবরোধ তুলে নেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’