কচুয়ায় গৃহবধূ খুন, দুই আসামির স্বীকারোক্তি
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের গৃহবধূ জেরিন আক্তার (২৫) খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বিকেলে চাঁদপুরের ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
থানায় করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টায় দুর্বৃত্তরা জেরিন আক্তারের ঘরে ঢোকে। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় পুলিশ মনির হোসেন (২০) ও শাখাওয়াত হোসেন (১৫) নামের দুই যুবককে আটক করে। শনিবার রাতে জেরিনের বাবা হোসেন আলী বাদী হয়ে মনির হোসেন, শাখাওয়াত হোসেনসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই মামলায় মনির ও শাখাওয়াতকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার ম্যাজিস্ট্রেট আদালতে নেয়। আদালতে তাঁরা হত্যার সঙ্গে জড়িত আছেন বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রহমত আলী বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার পর দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার জেরিন আক্তারের লাশ তাঁর শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে। তিনি আরও বলেন, জেরিন আক্তারের স্বামী ইউনুছ মালয়েশিয়ায় থাকেন। শনিবার সকালে তিনি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দেশে ফেরেন। দেশে ফিরে তিনি তাঁর শ্বশুরবাড়ির কারও সঙ্গে যোগাযোগ করেননি। স্ত্রী হত্যার পরদিন ইউনুছের দেশে ফেরা নিয়ে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।