কচুয়ায় ট্রাকে আগুন, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলার জগত্পুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় তারা সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জগত্পুর এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এর আগে কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে টহল পুলিশ ও গাড়ির চালকেরা ট্রাকের আগুন নেভান। তবে ট্রাকটির ইঞ্জিনের পুরো অংশ পুড়ে গেছে।
এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার চেষ্টাকালে বিএনপি ও জামায়াতের চারজন কর্মীকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে ফরিদগঞ্জ থেকে জামায়াতের একজন, হাজীগঞ্জ থেকে বিএনপির একজন ও কচুয়া থেকে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়।
প্রথম আলোকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।