কচুয়ায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
চাঁদপুরের কচুয়া উপজেলায় গতকাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।১১ নম্বর গোহাট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরেশ চন্দ্র বলেন, গতকাল সকালে ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পর আনারস প্রতীকের এক এজেন্ট অন্য এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেই ব্যালট বাক্স ভর্তি করতে থাকেন। বিষয়টি তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশিদ এসে সব এজেন্টের মুঠোফোন জব্দ করেন। এর কিছুক্ষণ পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাউসুল আজম এসে কেন্দ্র থেকে আনারস প্রতীকের ওই এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেন। বেলা সাড়ে ১১টার দিকে ম্যাজিস্ট্রেটরা বের হয়ে গেলে ওই এজেন্ট পুনরায় কেন্দ্রে ঢুকে সব ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ ঘটনাস্থলে গিয়ে ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশ দেন।এদিকে একই সময় সাচার ইউনিয়নের ভাটি ছিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যলয় কেন্দ্রে ব্যালট পেপারে অগ্রিম সিল থাকায় কেন্দ্রের ভোট স্থগিত রাখার নির্দেশ দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম। এ সময় একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।