কচুয়ায় বাসের চাপায় স্কুলছাত্র নিহত সড়ক অবরোধ
চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া-কালিয়াপাড়া সড়কে বাসের চাপায় মো. হাসান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসচালককে আটক করার দাবিতে স্থানীয় ব্যক্তিরা আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।
নিহত হাসান (১০) স্থানীয় রহিমানগর রেসিডেনসিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার আইনগিরী গ্রামের মাহবুব আলম ওরফে স্বপনের ছেলে।
নিহত ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হাসান বাইসাইকেলে রহিমানগর বাজারে রওনা হয়। পথে কচুয়া-কালিয়াপাড়া সড়কের ফকির বাড়ির সামনে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস হাসানকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পরে তার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল চারটার দিকে সে মারা যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কচুয়া-কালিয়াপাড়া সড়ক অবরোধ করে রাখে।