কচুয়ায় বিদ্যালয়ে হামলার ঘটনায় তদন্ত কমিটি
চাঁদপুরের কচুয়ার ভুঁইয়ারা উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর যুবলীগের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সদস্যের এ কমিটি করা হয়।
কমিটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হায়দার আলীকে আহ্বায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল হক মোল্লা, পরিসংখ্যান কর্মকর্তা আবিদ মিয়া ও পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া আঞ্চলিক শাখার ডিজিএম মনির হোসেনকে সদস্য করা হয়েছে। ইউএনও মু. আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।
চাঁদা চেয়ে না পেয়ে যুবলীগের স্থানীয় নেতা মনির হোসেন, লিটন ও ফারুক হোসেনের নেতৃত্বে একদল তরুণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পরদিন ছাত্রছাত্রীরা মিছিল করার প্রস্তুতি নিলে তাদের ওপর যুবলীগ হামলা চালায়। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়।