কচুয়ায় রোলার চাপায় শ্রমিক নিহত, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় গ্রামীণ সড়ক মেরামতের কাজে ব্যবহৃত রোলারের নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। গত শুক্রবার কচুয়া-চৌমুহানী সড়কের বাবুল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জয়ন্ত চন্দ্র বর্মন (২২)। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জলমনদী গ্রামে। এ ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বাদী হয়ে রোলারচালক মুর্তজাকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন।
থানায় করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া-চৌমুহানী সড়কের সংস্কারকাজে ব্যবহৃত রোলারচালকের সঙ্গে কাজ করতেন জয়ন্ত। গত শুক্রবার সন্ধ্যায় রোলারচালক মুর্তজা রোলারের চাকায় তেল মাখার জন্য জয়ন্তকে নির্দেশ দেন। জয়ন্ত চাকায় তেল মাখা অবস্থায় চালক হঠাৎ করে রোলারটি পেছনের দিকে নিয়ে যান। এতে জয়ন্ত মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর চালক ও ঠিকাদারের লোকজন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সামছল হক বলেন, গতকাল শনিবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।