কচুয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত
চাঁদপুরের কচুয়ায় গত রোববার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, রিভলবারের দুটি গুলি, একটি এলজি, চারটি কার্তুজ, একটি রামদা ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়। র্যাবের ভাষ্যমতে, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম গোলাম গাউস ওরফে মনি গাউস (৫০)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বাড়ি কচুয়া উপজেলার মেগদাই গ্রামে।তবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক অভিযোগ করেন, ডাকাত হত্যার নামে স্থানীয় সাংসদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিএনপি নিধন করছেন। র্যাবের বরাত দিয়ে কচুয়া থানার পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে কচুয়ার ঘাগড়া এলাকায় র্যাব-১১-এর টহলরত একটি দলের মুখোমুখি হয়। এ সময় র্যাবের সদস্যরা ওই দলটিকে চ্যালেঞ্জ করলে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সদস্য মনি গাউস ঘটনাস্থলেই মারা যান। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গাউসের লাশ কচুয়া থানা-পুলিশের কাছে রয়েছে। তিনটি ডাকাতি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না রয়েছে। বিএনপির নেতা এহসানুল হক দাবি করেন, মনি গাউস ডাকাত ছিলেন না। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, থাকতেন চট্টগ্রামে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কচুয়ায় ডাকাত সদস্য বলে ছোট জামাল ও শাহ পরান নামে যে দুজনকে র্যাব হত্যা করেছে। তাঁদের মধ্যে শাহ পরান নিরীহ ছিলেন। তিনিও বিএনপির কর্মী ছিলেন। এহসানুল হক বলেন, ‘আমি মন্ত্রী থাকা অবস্থায় বড় জামাল ও ছোট জামালকে এলাকায় চোর হিসেবে জানতাম। চুরির দায়ে তাদের সাজাও হয়েছে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর এই চারজনকে ডাকাত হিসেবে হত্যা করেন।’