কচুয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের চিঙ্গারি গ্রামে গত শনিবার রাতে সীমা রানী দাস (২৩) নামের এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সীমার স্বামী কেশব চন্দ্র দাস পলাতক।
পুলিশ জানায়, শনিবার রাতে সীমা ও কেশবের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সীমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন কেশব। সীমার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল রোববার ভোর ছয়টায় তাঁর মৃত্যু হয়। পরে সেখানেই তাঁর ময়নাতদন্ত করা হয়।
সীমার পরিবারের সদস্যরা জানান, সাত বছর আগে কেশব চন্দ্রের সঙ্গে কুমিল্লার বরুড়া উপজেলার বাতেশ্বর গ্রামের দুঃখীরাম দাসের মেয়ে সীমার বিয়ে হয়ে। তাঁদের ঘরে পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে।
সীমার বড় ভাই বিজয় চন্দ্র দাস জানান, তাঁরা কেশবের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা করবেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূ সীমাকে পুড়িয়ে হত্যার কিছু প্রমাণ পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই মামলা নিয়ে ব্যবস্থা নেব।