কচুয়ায় হিমাগারে আলুর পচন, কৃষকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় গুলবাহার হিমাগারে আলুতে পচন ধরেছে। কৃষক ও ব্যবসায়ীরা এখন ফেরত নিচ্ছেন পচা আলু। বিপাকে পড়েছেন তাঁরা। প্রতি বস্তা আলুর জন্য হিমাগারের ভাড়া গুনতে হচ্ছে ৩১২ টাকা।জানা গেছে, হিমাগারের মালিক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এই হিমাগারে ৮০ কেজি ওজনের ৪০ হাজার বস্তা আলু রাখার ক্ষমতা রয়েছে।গত মঙ্গলবার হিমাগারের ভেতরে কয়েক শ বস্তা পচা আলু পাওয়া গেছে। বেশ কিছুসংখ্যক বস্তাও পচে গেছে। ওই হিমাগারের প্রতিনিধি (এজেন্ট) বাচ্চু ব্যাপারী প্রথম আলোকে জানান, মেশিন গত সেপ্টেম্বরে নষ্ট হয়ে যায়। এ কারণে আলুতে পচন ধরে। খবর পেয়ে কেউ কেউ আগেভাগেই তাঁদের আলু নিয়ে যান, কিন্তু অধিকাংশ কৃষক নেননি। এখন আলু রোপণের সময় হয়েছে। কৃষক ও ব্যবসায়ীরা তা ফেরত নিতে এসে দেখেন আলু নষ্ট হয়ে গেছে। অনেকেই এসব পচা আলু হিমাগারে রেখে চলে যাচ্ছেন।মিজানুর রহমান নামে আরেক এজেন্ট জানান, তাঁর রাখা প্রায় সাড়ে তিন হাজার বস্তা আলু কৃষকদের কোনোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। মতলবের বলাই চন্দ্র সরকার নামের এক কৃষক বলেন, ওই হিমাগারে তিনি ৮৫ বস্তা আলু রেখেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক ও ব্যবসায়ী বলেন, অন্যান্য হিমাগারে ৮০ কেজি ওজনের গোল আলুর বস্তার বর্তমান বাজারমূল্য এক হাজার ৮০০ টাকা। কিন্তু এই হিমাগারে আলু রেখে এখন পস্তাতে হচ্ছে। ক্ষতিপূরণ চেয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি।যন্ত্র নষ্ট হলেও আলু নষ্ট হয়নি দাবি করে হিমাগারের হিসাবরক্ষক ফুয়াদ হাসান বলেন, আলুতে করুল বেরিয়ে গেছে। এখনো ওই হিমাগারে ৮০০-৯০০ বস্তা আলু আছে।