কচ্ছপ পাচারের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার রাতে ৩০টি কচ্ছপ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। কচ্ছপের চালানটি পাচারের দায়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের তিন কর্মকর্তা ও কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত এ দণ্ড দেন
দণ্ড ও অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মালয়েশিয়া এয়ারলাইনসের সহকারী স্টেশন ম্যানেজার সামিউর রহমান (৩৫), একই বিমান সংস্থার প্যাসেঞ্জার সার্ভিস স্পেশালিস্ট জুয়েল আহমেদ (২৯) ও ব্যাগেজ হ্যান্ডেলার মিজানুর রহমান (৩০)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর ডিপারচার বেল্টে কচ্ছপের চালানটি আটক করা হয়। প্রথমে সেখানে একটি কালো ট্রলি ব্যাগের ভেতর কচ্ছপগুলো পাওয়া যায়। পরে আরও দুটি ট্রলি ব্যাগে কচ্ছপ পাওয়া যায়। এসব ব্যাগের ওপর মালয়েশিয়ান এয়ারলাইনসের ট্যাগ লাগানো ছিল। এ ব্যাপারে মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা রফিকুল ইসলাম, শাহীন আলম ও সালেক মণ্ডল নামের কুয়ালালামপুরগামী তিন যাত্রীর নামের তালিকা দেয়।
এই তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ও ভিডিও ফুটেজে দেখে জানা যায়, তাঁরা কচ্ছপ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে আরও তদন্ত করে কচ্ছপ পাচারে সামিউর, জুয়েল ও মিজানুরের জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে। সিভিল অ্যাভিয়েশনের স্ক্যান অপারেটর হাসান পারভেজও এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন বলেন, সামিউরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জুয়েল ও মিজানুরকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার করা হয়েছে। পলাতক থাকায় হাসান পারভেজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সিভিল অ্যাভিয়েশনের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
উদ্ধার হওয়া কচ্ছপগুলো আজ ভোরে বন বিভাগের পরিদর্শক অসীম মল্লিকের কাছে হস্তান্তর করা হয়।
বন পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, ৩০টি কচ্ছপের ওজন ৮৫ কেজি। আটক করা কালা চিত্রা প্রজাতির এই কচ্ছপের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। উদ্ধার করা কচ্ছপগুলো গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।