কচ্ছপের শুঁটকি ও ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা একটি প্রাইভেট কারসহ ৪৫৬ বোতল ফেনসিডিল ও ১২৪ কেজি ভারতীয় কচ্ছপের শুঁটকি উদ্ধার করেছেন। তবে তাঁরা কাউকে আটক করতে পারেননি।ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর পাঁচটায় বিরামপুর বিজিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার শফি উদ্দিন হাওলাদারের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদ পেয়ে নবাবগঞ্জ উপজেলার টিকুর গ্রামে ওত পেতে থাকে। এ সময় একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ কচ্ছপের শুঁটকি পাচার করে ওই এলাকা দিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে যেতে থাকে। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা শুঁটকি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১২৪ কেজি কচ্ছপের শুঁটকি উদ্ধার করা হয়। অন্যদিকে সকাল সাতটায় উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবির সদস্যরা বিরামপুর পৌর শহরের ঘাটপাড় এলাকায় মালিকবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ঘ-৬০৯৯) তল্লাশি চালান। এ সময় প্রাইভেট কার থেকে ভারতীয় ৪৫৬ বোতল ফেনসিডিলসহ কারটি আটক করা হয়। ফুলবাড়ী ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার প্রথম আলোকে বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজারমূল্য ২১ লাখ টাকা বলে তিনি জানান।