কটকায় সমুদ্রে ডুবে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর আগের কথা! কয়েকজন তরুণ সুন্দরবনঘেরা বিস্তীর্ণ কটকার তৃণভূমিতে শ্বাপদের ভয় সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। তাঁরা জানতেন, সামনে যে বনটুকু আছে তা পেরোলেই সমুদ্র। সমুদ্র ছোঁয়ার প্রবল বাসনায় সবাই ছোটেন। তারপর...! শুরু একটা দুঃস্বপ্নের। কিছু ঝাপসা চোখ, কিছু অসহায় মুখ, কিছু ব্যর্থ চেষ্টা।
২০০৪ সালের ১৩ মার্চ সমুদ্রের পানিতে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নয়জন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী প্রাণ হারান।
ওই ঘটনার পর থেকে নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রতিবছর দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়। গতকালও বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে কটকা ট্র্যাজেডি স্মরণে শোক দিবস। বেদনাবিধুর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে।
ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার চত্বর হয়ে কটকা স্মৃতিস্তম্ভ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুই পাশের সারিবদ্ধ গাছে কালো কাপড় দিয়ে তার ওপর লেখা হয় সেই শিক্ষার্থীদের নাম।
সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে সাড়ে ১০টায় হাদী চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শুরু হয় দীর্ঘ এক শোক র্যা লি। র্যা লিটি শহীদ তাজউদ্দীন প্রশাসন ভবনের সামনে হয়ে কটকা স্মৃতিস্তম্ভে পৌঁছায়। এরপর নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন হল, স্থাপত্য ডিসিপ্লিনসহ বিভিন্ন ডিসিপ্লিন, ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর পরপরই কটকা স্মৃতিস্তম্ভের সামনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। এখানে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এ ছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিকেলে শোকসভা ও স্মৃতিচারণা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও তথ্যচিত্র প্রদর্শন।