কটিয়াদী উপজেলা পরিষদে চেয়ারম্যান-ইউএনওর দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বন্দ্বের কারণে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। ইউএনও চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
চেয়ারম্যান লায়ন আলী আকবর অভিযোগ করেন, ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ করা এক কোটি ৬৫ লাখ টাকায় বিভিন্ন ইউনিয়নে বিধি মোতাবেক সড়ক উন্নয়ন, কৃষি উন্নয়ন, ছোট ছোট কালভার্টসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। গত ৭ নভেম্বর উপজেলা পরিষদের সভায় প্রকল্পগুলো গ্রহণ করা হয়। ২১ ডিসেম্বর সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। পরবর্তী সময়ে প্রকল্পগুলো অনুমোদন ও দরপত্র আহ্বানের জন্য ইউএনওর কাছে নথি পাঠানো হলে তিনি কোনো মন্তব্য না লিখে নথি ফেরত পাঠিয়ে দেন। এতে প্রকল্প বাস্তবায়ন মুখ থুবড়ে পড়েছে।
তবে ইউএনও ফারাহ গুল দাবি করেন, প্রকল্পগুলো বিধি মোতাবেক নেওয়া হয়নি। প্রতিটি প্রকল্পের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) সভার সিদ্ধান্ত থাকতে হবে। এ ক্ষেত্রে তা করা হয়নি। ফলে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া যায়নি। তা ছাড়া ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেছেন, এসব প্রকল্প তৈরিতে তাঁদের মতামতও নেওয়া হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুসরণ না করে প্রকল্প গ্রহণ করায় তিনি নথি ফেরত পাঠিয়েছেন। তিনি বলেন, ‘চেয়ারম্যান আলী আকবরের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা বা দ্বন্দ্ব নেই। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তার পরও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছি।’
এদিকে উপজেলার ১১টি ইউনিয়নের নয়জন ইউপি চেয়ারম্যান ও কটিয়াদী পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন খান ইউএনওর পক্ষে অবস্থান নিয়েছেন। ৮ জানুয়ারি মেয়রের বাসার সামনে এক সংবাদ সমেঞ্চলন করে উপজেলা চেয়ারম্যানকে বর্জনের ঘোষণা দেন তাঁরা। তাঁরা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যানের কথামতো কাজ না করলে তিনি ভয়ভীতি দেখান। এর আগে ২৪ ডিসেম্বর চেয়ারম্যানদের পক্ষে ও ২২ ডিসেম্বর ইউএনওর পক্ষে চেয়ারম্যান আলী আকবরের বিরুদ্ধে থানায় জিডি করা হয়।
আলী আকবর বলেন, ইউএনওর প্ররোচনায় চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে থানায় জিডি করেছেন।
বনগ্রাম ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান কারও কথা শোনেন না। তিনি সব সময় হুমকি-ধমকি দেন। এই কারণে প্রথমে থানায় জিডি করে সংবাদ সম্মেলন করতে তাঁরা বাধ্য হয়েছেন।