কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে গলা কেটে হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার হরমুজ খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের শৌচাগার থেকে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মাহমুদনগর গ্রামে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, সিভিল সার্জন সারোয়ার হুসাইন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ গোল ও সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার পর অজ্ঞাতনামা দুজন ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে গিয়ে সেখানে কর্তব্যরত সেবিকার কাছে শৌচাগার কোন দিকে তা জানতে চান। পরে ওই সেবিকা শৌচাগার দেখিয়ে দিয়ে ওয়ার্ডে চলে আসেন। কিছুক্ষণ পর এক রোগী শৌচাগারে গিয়ে গলা কাটা লাশ দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।কটিয়াদী থানার এসআই মতিউর রহমান জানান, শৌচাগার থেকে রক্তমাখা ছোরা ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। নিহত হরমুজের প্যান্টের পকেটে মুঠোফোন পাওয়া গেছে। মুঠোফোনের মাধ্যমে তাঁর স্ত্রীর রহিমা খাতুনের সঙ্গে কথা বলে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। রহিমা খাতুন গতকাল কটিয়াদীতে এসে ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।