কটিয়াদী স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে পৌর মেয়রের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের এক নেতা পৌর মেয়রকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলে হামলাকারীকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গত সোমবার বিকেলে পৌর মেয়রের বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি তফাজ্জল হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে মেয়র অভিযোগ করেন, তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলে হামলাকারীকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল মোস্তাক স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে এ ঘোষণা দেন। তারিকুলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেয়র আরও অভিযোগ করেন, যেকোনো সময় তাঁর ও পরিবারের অন্যান্য সদস্য ও জানমালের ওপর হামলার আশঙ্কা করছেন। গত ৩১ অক্টোবর তারিকুলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল মেয়রের পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। দুজনকে পিটিয়ে আহত করে। দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় করা মামলাটি আদালতে বিচারাধীন। মেয়র বলেন, বর্তমান পরিস্থিতি স্থানীয় সাংসদকে জানিয়েছেন। সাংসদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কটিয়াদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অভিযোগ করেন, তারিকুল ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষর ও সীলমোহর নকল করার দায়ে জেল খাটেন। পৌর কাউন্সিলর ও পৌর কৃষক লীগের সভাপতি রুস্তম আলী বলেন, তারিকুল কটিয়াদীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর আগে কটিয়াদীতে রাজনৈতিক সহিংসতা ছিল না। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ নেতা ও মসুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এন এম রেজাউল করিম জানান, কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙিয়ে তারিকুল চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এতে দল বিপাকে পড়েছে। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অভিযোগের জবাবে তারিকুল গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর নেতৃত্বে হামলার অভিযোগ মিথ্যা। তিনি পাল্টা অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে ৩১ অক্টোবর মেয়রের লোকজনই তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, মেয়রকে পিটিয়ে আহত করলে পুরস্কার দেওয়া হবে—এ ধরনের কোনো ঘোষণাও তিনি দেননি। তাঁর কোনো সন্ত্রাসী বাহিনীও নেই।