কটিয়াদীতে উন্নয়ন কার্যক্রমে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যে দ্বন্দ্বের কারণে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জঠিলতা দেখা দিয়েছে। ইউএনও চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
চেয়ারম্যান লায়ন আলী আকবর অভিযোগ করেন, ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ করা এক কোটি ৬৫ লাখ টাকায় বিভিন্ন ইউনিয়নে বিধি মোতাবেক সড়ক উন্নয়ন, কৃষি উন্নয়ন, ছোট ছোট কালভার্টসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। গত ৭ নভেম্বর উপজেলা পরিষদের সভায় প্রকল্পগুলো গ্রহণ করা হয়। ২১ ডিসেম্বর সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। পরবর্তী সময়ে প্রকল্পগুলো অনুমোদন ও দরপত্র আহ্বানের জন্য ইউএনওর কাছে নথি পাঠানো হলে তিনি কোনো মন্তব্য না লিখে নথি ফেরত পাঠিয়ে দেন। এতে প্রকল্প বাস্তবায়ন মুখ থুবড়ে পড়েছে।
তবে ইউএনও ফারাহ গুল দাবি করেন, প্রকল্পগুলো বিধি মোতাবেক নেওয়া হয়নি। প্রতিটি প্রকল্পের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) সভার সিদ্ধান্ত থাকতে হবে। এ ক্ষেত্রে তা করা হয়নি। ফলে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া যায়নি। তা ছাড়া ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেছেন, এসব প্রকল্প তৈরিতে তাঁদের মতামতও নেওয়া হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুসরণ না করে প্রকল্প গ্রহণ করায় তিনি নথি ফেরত পাঠিয়েছেন।
ইউএনও ফারাহ গুল বলেন, ‘চেয়ারম্যান আলী আকবরের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা বা দ্বন্দ্ব নেই। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তার পরও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছি।’