কটিয়াদীতে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে গতকাল বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৬৫)। তাঁর বাড়ি রায়খলা গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জলিল গতকাল দুপুরে একই গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। একপর্যায়ে দুপুরের দিকে ওই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী কালাম ওরফে কাইল্যা বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করে। জলিলকে উদ্ধার করে প্রথমে উপজেলার ভাগলপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাতে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, সন্ত্রাসী কালামের সঙ্গে জলিলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।