কটিয়াদীতে এক শিশু খুন ও এক যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত বৃহস্পতিবার এক শিশু খুন ও এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার করগাঁও ইউনিয়নের লাহুন্দ গ্রামের লোকমান হোসেনের মেয়ে মুন্নী আক্তারকে (৭) বৃহস্পতিবার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর পুলিশ রাতে বাড়ির পাশের একটি কচুখেত থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা তার ডান চোখ উপড়ে ফেলেছে। এ ব্যাপারে লোকমান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশের ধারণা, তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার মীর রেজাউল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামে ৫ জুন জমি নিয়ে সংঘর্ষে মো. রেফায়েত (৩২) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে তাঁর ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ওসি ফরিদ আহমেদ বলেন, মুন্নীর খুনের ঘটনায় আবদুল হামিদ ও মনোয়ারা বেগম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুটি হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।